• Call: +8801911385970,+8801886000976
  • Email: jvpforg@gmail.com
চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ‘ওয়ান মিনিট’: মিষ্টির শিরায় তেলাপোকার বিষ্ঠা, ১০ হাজার টাকা জরিমানা
Date: 30-07-2026
চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ‘ওয়ান মিনিট’: মিষ্টির শিরায় তেলাপোকার বিষ্ঠা, ১০ হাজার টাকা জরিমানা

মোঃ রাজন পাটওয়ারী, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর শহরের ওয়াপদা গেইট ও প্রেস ক্লাব সড়ক এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ‘ওয়ান মিনিট’ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরিদর্শনের সময় মিষ্টির শিরায় তেলাপোকার বিষ্ঠা, খাদ্যদ্রব্যের সঙ্গে সিগারেট সংরক্ষণ, প্লাস্টিকের ড্রামে গরম শিরা রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানের সময় আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।