• Call: +8801911385970,+8801886000976
  • Email: jvpforg@gmail.com
মতিঝিলের হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
Date: 08-10-2026
মতিঝিলের হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মতিঝিলের ঐতিহ্যবাহী 'হীরাঝিল হোটেল'-এ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (৭ অক্টোবর) মতিঝিল বাণিজ্যিক এলাকার ২২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত রেস্তোরাঁটিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

অভিযানসূত্রে জানা যায়, হীরাঝিল হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশ দেখা যায়। ঢাকনাহীন অবস্থায় খোলা ময়লার পাত্র রাখা, লেবেলবিহীন অননুমোদিত ঘি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহার এবং খাদ্য প্রস্তুতকারী কর্মীদের কোনো ধরনের বাধ্যতামূলক স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম না থাকার প্রমাণ মেলে। এছাড়া রেস্তোরাঁ কর্তৃপক্ষ পানি পরীক্ষার হালনাগাদ সনদ ও পোকা-মাকড় দমন (পেস্ট কন্ট্রোল) সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়।

এসব অনিয়ম ও অপরাধের দায় স্বীকার করায় 'নিরাপদ খাদ্য আইন, ২০১৩' অনুযায়ী রেস্তোরাঁটিকে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক দল এবং ব্যাটালিয়ন আনসারের একটি টিম উপস্থিত ছিল। খাদ্যের মান ও পরিবেশ নিশ্চিতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।